ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিল, সেটা তখনো নিশ্চিত হওয়া যায়নি।