প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর

৪২০টির বেশি খেলা চালুর উদ্যোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। সেখানে বয়সের কথা তুলে ধরা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল ৫ বছর। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি, তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে [জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত]। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি : প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়-নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

ভর্তি পরীক্ষার সময় ও মান বণ্টন : দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান- ৫০; বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিতে-২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। চতুর্থ-নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান-১০০; বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিতে-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসন সংখ্যা উল্লেখপূর্বক ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয়/স্থানীয় পত্রিকায়/ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেবে।

৪২০টির বেশি খেলা চালুর উদ্যোগ : প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠ শেখাতে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও শিক্ষা উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, তা নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।’

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশের যৌথ আয়োজনে এক সভায় বক্তব্য দেন ববি হাজ্জাজ। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক রাখলে চলবে না। শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক মাধ্যম ও ডিজিটাল যন্ত্রের ক্রমবর্ধমান প্রভাবের এ সময়ে শিশুদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম দায়িত্ব।’

তিনি বলেন, ‘অনেক শিশু এখন অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল যন্ত্রে ব্যয় করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন বদলে যাবে, কিছু কাজের প্রয়োজনীয়তাও কমে আসবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত