চিকিৎসাধীন ৯ আইসিইউতে ১

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। তবে এ ঘটনায় ৮৫ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে আজিজুল ইসলাম সিয়াম (১৪) নামে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আরেকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত সোমবার রাত ১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, শিক্ষার্থীদের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে দুটি আলাদা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এদিকে অগ্নিকা-ের ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।