ভয়াল ১২ নভেম্বর আজ

প্রলয়ের ক্ষত আজও বয়ে বেড়ায় উপকূলের মানুষ

১৯৭০ সালের ১২ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মুহূর্তেই বদলে গিয়েছিল দ্বীপজেলা ভোলার চিত্র। মেঘনা-তেঁতুলিয়ার উত্তাল পানি ভাসিয়ে নিয়েছিল ঘরবাড়ি, মানুষ ও গবাদিপশু। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছিল উপকূলের আকাশ-বাতাস। এক রাতেই বহু জনপদ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সেই ভয়াল রাতের ৫৬ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বেড়েছে, উন্নত হয়েছে পূর্বাভাস ও উদ্ধারব্যবস্থা। কিন্তু নদীভাঙন, জলোচ্ছ্বাস, দুর্বল বেড়িবাঁধ এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবের মতো ঝুঁকি থেকে এখনো মুক্ত হতে পারেনি ভোলার উপকূলীয় জনপদ।

১৯৭০ সালের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় প্রত্যক্ষদর্শীদের। নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ফারুকুর রহমান স্মৃতিচারণ করে জানান, ১১ নভেম্বর সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পরদিন আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। রাত ১২টার পর শুরু হয় প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। তার বাড়ির উঠানে প্রায় বুকসমান পানি উঠেছিল। পরদিন পানি কমতে শুরু করলেও চারদিকে ছিল মানুষের আহাজারি। ভোলা সদর সড়কেও হাঁটুপানি জমেছিল। বিভিন্ন গাছে মানুষের মরদেহ ও মৃত পশুপাখি ঝুলতে দেখেছিলেন তারা।

সেই রাতের ভয়াবহতার আরেক প্রত্যক্ষদর্শী প্রবীণ সাংবাদিক এম আবু তাহেরের স্মৃতিচারণ আরও হৃদয়বিদারক। তিনি জানান, দৌলতখানের চৌকিঘাটে সাপ ও মানুষের মরদেহ একসঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেছেন। মেঘনার পাড়ে এক মাকে শিশুকে বুকে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। ভোলাজুড়েই ছড়িয়ে পড়েছিল মৃত্যুর বিভীষিকা। ১৯৭০ সালের সেই ঘূর্ণিঝড়ের পর অনেক কিছু বদলেছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তৈরি হয়েছে আশ্রয়কেন্দ্র, গড়ে উঠেছে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। তবু উপকূলের মানুষের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। ভোলা সদর, ইলিশা, শিবপুর, মনপুরা, চরফ্যাশন, ঢালচর ও কুকরী-মুকরীসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নদীভাঙন, জোয়ারের পানি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা মানুষের নিত্যদিনের উদ্বেগ।

উপকূলের মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা, অধিকার ও উন্নয়নের দাবি সামনে আনতে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে পালন করা হয়। বিভিন্ন উপকূলীয় এলাকায় বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি, দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি উপকূলীয় এলাকার সমস্যাগুলোকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

ক্যাপশন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর ঢেউয়ের আঘাতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ ফাইল ছবি