যে উপকূল একদিন মৃত্যুপুরী হয়েছিল, আজও অস্তিত্বের লড়াইয়ে সেই ভোলা

১৯৭০ সালের ১২ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মুহূর্তেই বদলে গিয়েছিল দ্বীপজেলা ভোলার চিত্র। তেঁতুলিয়ার উত্তাল পানি ভাসিয়ে নিয়েছিল ঘরবাড়ি, মানুষ ও গবাদিপশু। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছিল উপকূলের আকাশ-বাতাস। এক রাতেই বহু জনপদ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সেই ভয়াল রাতের ৫৬ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বেড়েছে, উন্নত হয়েছে পূর্বাভাস ও উদ্ধারব্যবস্থা। কিন্তু নদীভাঙন, জলোচ্ছ্বাস, দুর্বল বেড়িবাঁধ এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাবের মতো ঝুঁকি থেকে এখনো মুক্ত হতে পারেনি ভোলার উপকূলীয় জনপদ।

১৯৭০ সালের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় প্রত্যক্ষদর্শীদের। নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ফারুকুর রহমান স্মৃতিচারণ করে জানান, ১১ নভেম্বর সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পরদিন আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। রাত ১২টার পর শুরু হয় প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। তার বাড়ির উঠানে প্রায় বুকসমান পানি উঠেছিল। পরদিন পানি কমতে শুরু করলেও চারদিকে ছিল মানুষের আহাজারি। ভোলা সদর সড়কেও হাঁটুপানি জমেছিল। বিভিন্ন গাছে মানুষের মরদেহ ও মৃত পশুপাখি ঝুলতে দেখেছিলেন তারা।

সেই রাতের ভয়াবহতার আরেক প্রত্যক্ষদর্শী প্রবীণ সাংবাদিক এম আবু তাহেরের স্মৃতিচারণ আরও হৃদয়বিদারক। স্মৃতিচারণে তিনি জানান, দৌলতখানের চৌকিঘাটে সাপ ও মানুষের মরদেহ একসঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেছেন। মেঘনার পাড়ে এক মাকে শিশুকে বুকে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। মরদেহ দাফনের জন্য কাফনের কাপড়ের অভাবে কলাপাতা ও বস্তা ব্যবহার করতে হয়েছিল। কোথাও কোথাও একই কবরে একাধিক মরদেহ দাফন করা হয়। তার বর্ণনায়, পুরো ভোলাজুড়েই ছড়িয়ে পড়েছিল মৃত্যুর বিভীষিকা।

১৯৭০ সালের সেই ঘূর্ণিঝড়ের পর অনেক কিছু বদলেছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তৈরি হয়েছে আশ্রয়কেন্দ্র, গড়ে উঠেছে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। তবু উপকূলের মানুষের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। ভোলা সদর, ইলিশা, শিবপুর, মনপুরা, চরফ্যাশন, ঢালচর ও কুকরী-মুকরীসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নদীভাঙন, জোয়ারের পানি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা মানুষের নিত্যদিনের উদ্বেগ।

মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে জেলার বিভিন্ন এলাকায় বসতভিটা, ফসলি জমি, সড়ক ও জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে নদীতীরবর্তী এলাকার মানুষকে প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে থাকতে হয়। 

ভোলা সদর উপজেলার ইলিশা ও শিবপুর এলাকার নদীতীরবর্তী জনপদে ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি দীর্ঘদিনের। নদীর গতিপথ পরিবর্তন ও তীব্র স্রোতে তীরবর্তী বসতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ে। অন্যদিকে চরফ্যাশনের বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও কুকরী-মুকরীর মানুষের দুর্যোগ মোকাবিলার চ্যালেঞ্জ আরও বেশি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নতা, যোগাযোগের সীমাবদ্ধতা এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর সমস্যা ঘূর্ণিঝড়ের সময় তাদের উদ্বেগ বাড়িয়ে দেয়।

মনপুরা উপজেলাও ভোলার অন্যতম ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চল। চারপাশে নদী ও সাগরবেষ্টিত এই জনপদের মানুষের জীবন-জীবিকা প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে নিরাপদ আশ্রয়ে যাওয়া, গবাদিপশু রক্ষা এবং জীবিকার উপকরণ সরিয়ে নেওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

উপকূলের মানুষের কাছে বেড়িবাঁধ শুধু মাটি ও কংক্রিটের অবকাঠামো নয়; এটি জীবন, বসতভিটা, ফসল ও জীবিকা রক্ষার শেষ ভরসা। কিন্তু বাঁধ নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণে টেকসই পরিকল্পনা না থাকলে জোয়ারের পানি ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকেই যায়। একই সঙ্গে দুর্গম চরাঞ্চলে প্রয়োজন অনুযায়ী সাইক্লোন শেল্টার, উঁচু সড়ক, নিরাপদ পানির ব্যবস্থা এবং দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে পালন করা হয় উপকূলের মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা, অধিকার ও উন্নয়নের দাবি সামনে আনতে। বিভিন্ন উপকূলীয় এলাকায় বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি, দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি উপকূলীয় এলাকার সমস্যাগুলোকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ের স্মৃতি মনে করিয়ে দেয়, দুর্যোগের ক্ষতি শুধু প্রাকৃতিক কারণে হয় না; প্রস্তুতি, অবকাঠামো ও নিরাপদ আশ্রয়ের ঘাটতিও বিপর্যয় বাড়িয়ে দিতে পারে। তাই শুধু দিবস পালন বা স্মৃতিচারণ নয়, প্রয়োজন নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা, মজবুত বেড়িবাঁধ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, দ্রুত সতর্কবার্তা এবং দুর্গম চরাঞ্চলে জরুরি সেবা পৌঁছানোর নিশ্চয়তা।

যে উপকূল একদিন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছিল, সেই উপকূলের মানুষ আজও অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। ৫৬ বছর পরও তাদের প্রত্যাশা—আর কোনো ভয়াল ১২ নভেম্বর যেন ফিরে না আসে, নিরাপদে বেঁচে থাকার অধিকার যেন নিশ্চিত হয় ভোলাসহ পুরো উপকূলের মানুষের।