ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটানো একটি পরিবারের করুণ দৃশ্য ড্রোন ক্যামেরায় ধারণ করেছিলেন বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী মিজানুর রহমান পিনু। মানবিক সেই ছবিই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। এ পুরস্কারের অর্থমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
পেশায় আলোকচিত্রী না হলেও ক্যামেরার মাধ্যমে মানুষের জীবন, সুখ-দুঃখ ও সংগ্রামের গল্প তুলে ধরেন পিনু রহমান। দীর্ঘদিনের শখের আলোকচিত্র চর্চাই এবার তাকে পৌঁছে দিয়েছে বিশ্বমঞ্চের সর্বোচ্চ স্বীকৃতির আসনে।
দুবাইয়ের আইকনিক ফিউচার মিউজিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার নাম গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের একজন সদস্য তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
হিপার ১৫তম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। এ বিভাগে পিনু রহমানের ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবিটি সেরা নির্বাচিত হয়।
ছবিটিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের পাশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে একই পরিবারের পাঁচ সদস্য। আগুনে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, হারিয়েছে নিরাপদ আশ্রয়। তবে প্রতিকূলতার মধ্যেও পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন অটুট রয়েছে। ছবিটির মাধ্যমে পরিবারের ভালোবাসা ও ঐক্যকে মানুষের সবচেয়ে বড় আশ্রয় হিসেবে তুলে ধরেছেন আলোকচিত্রী।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে আনন্দিত ও আবেগাপ্লুত পিনু রহমান। তার কাছে আলোকচিত্র শুধু ছবি তোলার মাধ্যম নয় বরং মানুষের জীবনের গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী ভাষা। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন তিনি।
আলোকচিত্রে আন্তর্জাতিক সাফল্য পেলেও পেশাগত জীবনে পিনু রহমান একজন ব্যাংকার। বর্তমানে তিনি রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি সাফল্য পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসে ‘দ্য গোল্ডেন বারডেন’ ছবির জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। এ ছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি অর্জন করেন।
উল্লেখ্য, হামদান আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এবারের আসরে ‘ফ্যামিলি’ ছাড়াও ছিল স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও, জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগ।
এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ প্রতিপাদ্যে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এবার পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কার জয় বাংলাদেশের আলোকচিত্রশিল্পের আন্তর্জাতিক সাফল্যে যোগ করল নতুন মাত্রা।
কড়াইল বস্তির একটি পরিবারের ঘরহারা জীবনের গল্প ধারণ করা ছবিটি এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিকতা, জীবনসংগ্রাম ও আলোকচিত্রশিল্পের সক্ষমতার প্রতিনিধিত্ব করছে।