বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা ও কারাবাসের অভিজ্ঞতা শেষে গত ১১ নভেম্বর দেশে ফিরেছেন ৫৩ বছর বয়সী এই নারী। তবে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিবারের সদস্যদের নাম কিংবা তাঁদের সঙ্গে যোগাযোগের তথ্য ঠিকমতো জানাতে পারছিলেন না তিনি। এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাঁকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। পরে ব্র্যাকের উদ্যোগে দীর্ঘ ৩২ বছর পর পরিবারের কাছে ফিরেছেন লিলুফা।
ব্র্যাক জানায়, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁর ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। তবে মানসিক অসুস্থতার কারণে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায়, তাঁর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সেই সূত্র ধরে ব্র্যাকের মানিকগঞ্জের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কর্মীরা তাঁর দুই বোনের সন্ধান পান। পরে রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান। দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
লিলুফা বেগমের দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। কিন্তু প্রথম কয়েক বছর তিনি কোনো টাকা পাননি। পরে পরিবার জানতে পারে, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই দালাল তাঁর উপার্জিত অর্থ রেখে দিতেন। একপর্যায়ে তাঁর ছোট ভাই বাহরাইনে গিয়ে তাঁকে খুঁজে বের করেন। এরপর থেকে ভাইয়ের সঙ্গে বসবাস করতেন লিলুফা। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন তিনি।
দুই বোন জানান, প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে তাঁর ভাইয়ের মেয়ের বিয়ের সময় তিনি বাংলাদেশে আসেন। তখন পরিবারের সদস্যরা লিলুফার খোঁজ জানতে চাইলে ভাই জানান, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ তাঁকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।
শরিফুল হাসান বলেন, ‘আমরা লিলুফাকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছি। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করাসহ পরবর্তী সময়ে কীভাবে তাঁর পাশে থাকা যায়, তা নিয়ে আমরা কাজ করতে চাই। একজন মানুষ শুধু মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় ৩২ বছর বিদেশে কাটিয়েছেন। এখন বাবা মা বেঁচে নেই। ভাই বোনের সবার বিয়ে হয়েছে। অথচ জীবনের শেষ পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে লিলুফাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরে এসেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই তিনি অসুস্থ। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
শরিফুল আরও বলেন, ‘এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ আমাদের সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।’