এআই জায়ান্টের শেয়ারে ধস

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বড় ধরনের দরপতনের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার শেয়ার। গত শুক্রবার থেকে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে। বুধবার (১১ নভেম্বর) লেনদেন-পরবর্তী বাণিজ্যে শেয়ারের দর আরও ৮ শতাংশ কমেছে। খবর বিবিসির। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠান। এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তিশালী চিপ তৈরিতে প্রতিষ্ঠানটির আধিপত্য রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের কাছে এনভিডিয়ার শেয়ারের চাহিদা ছিল তুঙ্গে।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের দূরদর্শী বিনিয়োগ এবং এআই প্রযুক্তিতে আগাম মনোযোগের কারণে গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরের অক্টোবরের শুরুতে শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। ইলেকট্রনিকস জায়ান্ট অ্যাপলের পর বাজারমূল্যের হিসাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।

তবে হুয়াংকে ঘিরে ব্যক্তিগত জীবনের বিতর্ক সামনে আসার পর পরিস্থিতি পাল্টে গেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের দ্বিতীয়বারের মতো বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা ঘটেছে। এ খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়।

এদিকে এনভিডিয়ার শেয়ারের দর কমলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিদ্বন্দ্বী এএমডির (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস) ক্ষেত্রে। গত পাঁচ দিনে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২১ শতাংশের বেশি বেড়েছে। এনভিডিয়াকে ঘিরে অনিশ্চয়তা এড়াতে বিনিয়োগকারীরা বিকল্প প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে।

গ্রাফিকস প্রসেসর এবং বৃহৎ ডেটা সেন্টারে ব্যবহৃত এআই চিপ তৈরিতে এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করে এএমডি। তবে বাজারমূল্য ও ব্যবসার পরিসরের দিক থেকে প্রতিষ্ঠানটি এখনো এনভিডিয়ার তুলনায় অনেক ছোট।

এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মধ্যে পারিবারিক সম্পর্কও রয়েছে। তাঁরা দুজনই তাইওয়ানে জন্মগ্রহণ করেছেন এবং দূরসম্পর্কের আত্মীয়।

এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজসহ কয়েকটি গণমাধ্যম।

এর আগে চীনের কথিত গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে এনভিডিয়া। এফবিআইও ঘটনাটি তদন্ত করছে। সব মিলিয়ে ব্যক্তিগত বিতর্ক ও নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়ছে।