গুপ্তচর বিতর্কে চাপে এনভিডিয়া, কমল শেয়ারের দাম

এদিকে রবিবার এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—এমন সংবাদ প্রকাশের পর স্বাধীন তদন্ত শুরু করা হয়েছে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক চীনা নারী নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি। ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে সন্দেহ করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। সোমবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমেছে। দিনের একপর্যায়ে দরপতনের পরিমাণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছিল। খবর ফ্রান্স২৪ এর।

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে অ্যালিস হুয়াং নামের এক চীনা নির্বাহী বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করছিলেন। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত। অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। ৬৩ বছর বয়সী তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে ওই নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রবিবার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় জেনসেন হুয়াং বলেন, ‘আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

এআই প্রযুক্তির বর্তমান অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত তিনি। এআই খাতে নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তাঁর আশঙ্কা, এ খাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীনের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প জানান, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়েছে। এ পরিস্থিতিতে হুয়াং যে মানসিকভাবে বিপর্যস্ত, সেটিও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তিনি হুয়াংকে জিজ্ঞেস করেছিলেন, ওই নারী যে গুপ্তচর ছিলেন, তা তিনি জানতেন কি না। জবাবে হুয়াং জানিয়েছেন, এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না। ট্রাম্প বলেন, তিনি হুয়াংয়ের বক্তব্য বিশ্বাস করেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের কারণে এআই নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ তৈরি হয়ে থাকতে পারে ওই নারীর।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনা গুপ্তচরবৃত্তির কথিত বয়ান সম্পূর্ণ ভিত্তিহীন অপবাদ ও মানহানিকর প্রচারণা।

চলতি মাসের শেষ দিকে চীনে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। ওই বৈঠকে এআই প্রযুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তদন্ত করবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ

এশিয়া সফরে ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াং যাবেন কি না, রবিবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না, তবে অবশ্যই তাঁকে সঙ্গে নিতে চাই।’ ট্রাম্পের এ সফরে শেনজেনে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।

এদিকে রবিবার এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—এমন সংবাদ প্রকাশের পর স্বাধীন তদন্ত শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য বেহাত হয়েছে বলে মনে করার মতো কোনো কারণ আপাতত পর্ষদের কাছে নেই। তবে তদন্তের আওতায় এ-সংক্রান্ত সব তথ্য পর্যালোচনা করা হবে।

প্রযুক্তিগত আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে। এর অংশ হিসেবে সবচেয়ে উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর চিপ চীনে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এনভিডিয়া বিশ্বজুড়ে এআই মডেল তৈরি ও পরিচালনায় ব্যবহৃত চিপ উৎপাদনের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর মধ্যেও রয়েছে এটি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে বলা হয়, এনভিডিয়ার এআই চিপ চীনে পাঠানোর ক্ষেত্রে মেগাস্পিডের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্তের আওতায় রয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক বছর আগে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য ট্রাম্পকে জানানো হয়েছিল। তবে সে সময় তিনি কোনো পদক্ষেপ নেননি। রোববার এ বিষয়ে অনুশোচনা আছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাঁর কোনো অনুশোচনা নেই। জেনসেন হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ারবাজারে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

বিনিয়োগ ব্যাংক ইয়র্কভিল আইভসের প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস এ ঘটনাকে জেনসেন হুয়াংয়ের জন্য ‘বিব্রতকর পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ধারণা, এ ঘটনায় মার্কিন কংগ্রেসে একাধিক তদন্ত শুরু হতে পারে। পাশাপাশি বিভিন্ন কারণে এনভিডিয়ার শেয়ারের ওপর নেতিবাচক চাপ তৈরি হতে পারে।

আইভসের মতে, স্বল্প মেয়াদে সিইও পদে বহাল থাকতে পারেন হুয়াং। তবে তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে।

এশিয়া গ্রুপের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান ও অংশীদার জর্জ চেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, সব তথ্য-প্রমাণ সামনে আসার আগে জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তাঁর ভাষ্য, ‘কেউ বিখ্যাত হয়ে উঠলে স্বাভাবিকভাবেই তিনি বিভিন্ন পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হন।’

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি জেনসেন হুয়াংকে আগামী ১৮ নভেম্বর ওয়াশিংটনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে। কমিটির পক্ষ থেকে পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে অ্যালিস হুয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত