কুমিল্লার শ্রেষ্ঠ ওসি দাউদকান্দির সাজেদুল ইসলাম

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর মাসের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেও তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইনসের মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘ক’ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়। সভা শেষে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম (সেবা) তার হাতে সম্মাননা তুলে দেন। 

জানা গেছে, দাউদকান্দি থানায় ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, অপরাধী গ্রেপ্তার ও ছিনতাই প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে থানা পুলিশ।

থানায় যোগদানের পর থেকেই নিয়মিত টহল জোরদারের পাশাপাশি বিট পুলিশিং সভা আয়োজন এবং বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে আসছেন ওসি সাজেদুল ইসলাম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তার নিরলস প্রচেষ্টা এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।