কুমিল্লা জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮ থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়।
জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯, চৌদ্দগ্রামে সাত, চান্দিনায় ছয়, বুড়িচংয়ে আট, ব্রাহ্মণপাড়ায় তিন, বরুড়ায় চার, লাকসামে সাত, মনোহরগঞ্জে দুই, নাঙ্গলকোটে ছয়, দাউদকান্দি মডেল থানায় ১২, তিতাসে চার, হোমনায় তিন, মেঘনায় একজন, দেবিদ্বারে ছয়, মুরাদনগরে চার, বাঙ্গরা বাজার থানায় একজন এবং লালমাই থানায় সাতজন রয়েছেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
সব মিলিয়ে জেলার ১৮ থানা ও ডিবির অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬