চন্দনাইশে মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ট্রাক চালানোসহ বিভিন্ন অপরাধে ৩ যানবাহন চালককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী লাইসেন্স ছাড়া ট্রাক চালানোর অপরাধে ২ ট্রাক চালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং এক মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আদালত বালু পরিবহনকারীদের বালুর পানি দিয়ে সড়ক কর্দমাক্ত না করা, সড়ক ধুলামুক্ত রাখা এবং ট্রাকের উপরে উপযুক্ত কাভার ব্যবহারের নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলতলী এলাকায় বালুভর্তি ট্রাক চলাচল ও পাশে এক্সকাভেটর দিয়ে বালু তোলার কারণে পুরো সড়ক কাদা-পানিতে একাকার হয়ে গেছে। সড়কের একপাশে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পিচ্ছিল কাদায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

এলাকাবাসীর দাবি, শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটি চলাচল উপযোগী রাখতে হবে। এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।