একুশ দিনের লড়াই শেষ, মারা গেলেন গায়ক সাহেদ আলী

দীর্ঘ একুশ দিনের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই শিল্পী।

পরিবার ও ঘনিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয় এবং তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন।
 
এর মধ্যে তার শরীরে ডেঙ্গু, ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ এবং হেপাটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩১ অক্টোবর তাঁকে আজগর আলী হাসপাতালের আইসিইউ ও পরবর্তীতে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
 
বৃহস্পতিবার তার রক্তক্ষরণসহ শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

শিল্পীর বন্ধু এরশাদুল হক টিংকু জানান, মাল্টিপল অর্গান ফেইলিউর বা বহু অঙ্গের কার্যক্ষমতা লোপ পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। বাদ আসর পুরান ঢাকার গোপীবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে আসছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে মূল ধারার সংগীত থেকে দূরে থাকলেও নতুন গান নিয়ে ফেরার জোরালো প্রস্তুতি নিচ্ছিলেন শেখ সাহেদ আলী।
 
গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি শ্রোতাদের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারে প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এ উপলক্ষে গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি বর্ণাঢ্য প্রকাশনা উৎসব হওয়ার কথা থাকলেও শিল্পীর আকস্মিক অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।

নব্বইয়ের দশক থেকে সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন শেখ সাহেদ আলী। সংগীতপ্রেমীদের কাছে তিনি ‘রোকযানা’ সাহেদ হিসেবেও বেশ পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
 
১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। এরপর তার আরও পাঁচটি অ্যালবাম শ্রোতামহলে সমাদৃত হয়। তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।