বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা ‘কিং’ বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি আনার প্রক্রিয়া চলছে।
এ লক্ষ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
তিনি জানান, বাংলাদেশে ‘কিং’ মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
সাফটা চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে সিনেমা রপ্তানির বিপরীতে সমপরিমাণ বিদেশি সিনেমা আমদানির সুযোগ রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ রপ্তানি করে ‘কিং’ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে এবং মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে ‘কিং’। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।