ফিনলের কোম্পানির খেজুরীছড়া চা বাগান বন্ধ, বিপকে শ্রমিক

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস স্বাক্ষরিত এক নোটিশে বাগান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়, ডিনস্টন ডিভিশনের অধীন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকেরা ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বরও তারা কাজে যোগ দেননি। পাশাপাশি ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এমন পরিস্থিতিতে বাগান পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নির্দেশে বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। তবে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, বাগানের নিরাপত্তাকর্মী, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকেরা এ বন্ধের আওতামুক্ত থাকবেন।

নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বাগান বন্ধের নেপথ্যে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের বিষয়ে স্থানীয় শ্রমিকদের ভাষ্য, কার্তিক মাস উপলক্ষে বাগানের সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে নামকীর্তনের আয়োজন করে আসছেন। তবে এবার বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন মজুমদার ওই আয়োজনে বাধা দেন এবং মন্দিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে বক্তব্য জানতে ফিনলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্দ বলেন, নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে ডিভিশন বন্ধ ঘোষণার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। বিষয়টি সমাধানে তাঁরা কাজ করবেন।