ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ বিষয়ে তাঁর ফোনেই প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেছেন রাহুল। খবর এনডিটিভি।
শুক্রবার ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ফোন হাতে তুলে ধরে রাহুল বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’
তবে ফোনে আড়ি পাতার অভিযোগের পক্ষে ওই অনুষ্ঠানে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি কংগ্রেস নেতা।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক ওই আয়োজনে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের দাবি জানান তিনি।
এর আগেও নিজের ও একাধিক রাজনীতিকের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন রাহুল। তাঁর দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁদের ফোনে নজরদারি চালানো হয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে এসব ফোনে আড়ি পাতার সুযোগ করে দেওয়া হয়েছে।
২০২৩ সালে রাহুল অভিযোগ করেছিলেন, তাঁর নিজের ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেও এই স্পাইওয়্যার রয়েছে। এমনকি গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। রাহুলের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তারা তাঁকে জানিয়েছিলেন, ফোনের কথোপকথন রেকর্ড করা হচ্ছে।
শুক্রবারের প্রশ্নোত্তর পর্বে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সরাসরি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন আর কে দেশবিরোধী—তা চূড়ান্তভাবে পরিষ্কার হয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে ‘প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা। নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন রাহুল।
তবে বিজেপি নেতারা তাঁর এই বিতর্কের চ্যালেঞ্জ বারবার প্রত্যাখ্যান করেছেন। তাঁদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক বিতর্ক এড়িয়ে যাচ্ছেন রাহুল।
এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান নির্ধারণ করতে বলছেন।