গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আমন ধান পাকার শেষ মুহূর্তে খেতে বাদামি গাছ ফড়িংয়ের (কারেন্ট পোকা) উপদ্রব দেখা দিয়েছে। এতে ধানগাছ মরে যাচ্ছে। এ কারণে পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক ধান কেটে ঘরে তুলছেন।
কৃষকরা জানান, খেতে কারেন্ট পোকার উপদ্রব দেখা দেওয়ায় গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যাচ্ছে। এ কারণে অনেকে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন। অনেকে স্থানীয় বাজারের দোকানদারদের পরামর্শে ধানে কীটনাশক ছিটাচ্ছেন।
১২নভেম্বর উপজেলার নাকাই, হরিরামপুর, তালুককানুপুর, রাখালবুরুজ,দরবস্ত ও কামারদহসহ বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ঘুরে দেখা যায়, মাঠে মাঠে মৃদু হাওয়ায় দোল খাচ্ছে ভরা ধানখেত। শিষের ভারে নত ধানগাছ। এসব খেতের কিছু কিছু অংশের ধানগাছ মরে গেছে।
উপজেলার বড়দহ গ্রামের আমিরুল ইসলাম জানান বলেন, প্রায় দুই বিঘা জমিত ধান নাগাইছি। ধান পুরো পাইকতে আরও সাত দিন নাইগবে। কিন্তু খেতে কারেন্ট পোকা দেখা দিছে। উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণা গ্রামের নজরুল ইসলাম জানান, দেড় বিঘা জমিত এবার আমন আবাদ করেছি। এর মধ্যে আধা বিঘা জমিতে কারেন্ট পোকা ধরেছে। গতকাল কীটনাশক দিছি। এখন কী হবে জানি না। তিনি আরও বলেন, শুরু থেকে ভালোভাবে আবাদ হলো। এখন ধান পাকার সময় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিল।
হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের শাহিন ব্যাপারী জানান, এবার দুই বিঘা জমিতে আবাদ করেছি।এরমধ্যে একবিঘায় ১১ জাতের এবং একবিঘায় বিঘায় স্বর্ণ জাতের ধান লাগিয়েছি। দুই বিঘাতেই কারেন্ট পোকা দেখা দিয়েছে। এক বিঘায় কীটনাশক ছিটাতে লাগে তিন থেকে সাড়ে তিন শ টাকা।
তালুককানুপুর ইউনিয়নের দেবপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বছর তিন বিঘা জমিতে আমন আবাদ করেছি। এসব জমিতে বিচ্ছিন্নভাবে কারেন্ট পোকা ধরেছে। এখন কীটনাশক ছিটাচ্ছি। কী হবে জানি না।’ তিনি আরও বলেন, এ ইউনিয়নের মথুরাপুর, নারায়নপুর, দেবোত্তর রামনাথপুরসহ প্রায় সব এলাকায় বিচ্ছিন্নভাবে কারেন্ট পোকা দেখা দিয়েছে। দ্রæত ব্যবস্থা না নিলে ক্ষতি আরও বাড়বে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ উপজেলঅয় চলতি বছরে ৩১ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ৩১ হাজার ৫০০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০০ হেক্টর বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ টন চাল।
উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস বলেন, কৃষকেরা যাকে কারেন্ট পোকা বলছেন, সেটি হলো বাদামি গাছফড়িং। অন্ধকারাচ্ছন্ন ও আলো–বাতাস কম থাকে এমন জমিতে এই পোকার আক্রমণ হয়। প্রাথমিক অবস্থায় কীটনাশক ছিটিয়ে এটি দমন করা যায়। এ উপজেলায় বিচ্ছিন্নভাবে বাদামি গাছফড়িং অল্প বিস্তার লাভ করেছে। তবে তা খুবই কম।