টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, আসামি ২ হাজার ২২৪

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে আজ শুক্রবার মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের সহিংসতা চালানো হয়। একপর্যায়ে ধর্মঘটকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।