অসহায় সরকার জিম্মি ভোক্তা এলপিজি গ্যাসের ক্ষেত্রে এই অনাকাক্সিক্ষত চিত্রই দৃশ্যমান বাস্তবতা। ১৩ নভেম্বর ‘সিন্ডিকেটের ফাঁদে সরকার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের গর্ভে যে চিত্র উঠে এসেছে তা একদিকে বহুমাত্রিক প্রশ্নবোধক, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের সৃষ্ট অতি মুনাফার উৎকট চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মানুষকে স্বস্তি দিতে গিয়ে এলপিজি ব্যবসায়ীদের ফাঁদে পা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি মেনে বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু তাতেও ঢাকায় নির্ধারিত দামে এলপিজি মিলছে না। এলপিজির বাজারে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তাতে গ্রাহকের সঙ্গে সরকারও উদ্বিগ্ন হয়ে উঠেছে, এও বলা হয়েছে প্রতিবেদনেই।
বাজারে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিইআরসির দায়িত্বশীলদের গতানুগতিক কথা আমরা বরাবরই শুনে আসছি। নিকট অতীতে বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, কিছু কিছু জায়গায় নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না বলে তারা জানতে পেরেছেন। সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসকদের চিঠি দিয়ে অভিযানে নামতে বলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এ মূল্য বিবেচনায় নিয়েই দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। প্রশ্ন হচ্ছে, এই কি ব্যবস্থা নেওয়ার প্রতিফল? ব্যবস্থা যদি কার্যকর হতো তাহলে অসাধু এলপিজি ব্যবসায়ীদের ইন্দ্রজাল কিংবা ভোজবাজি এভাবে ছড়াতে পারত?
২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু ঢাকায় এলপিজির সরকারি দাম কার্যকর হয়নি। ঢাকার অনেক জায়গায় এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সারা দেশেও এলপিজির দাম বেড়ে গেছে, কোথাও কোথাও কৃত্রিম সংকটের বার্তাও মিলেছে সংবাদমাধ্যমেই। অজুহাত হিসেবে কখনো দাঁড় করানো হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে সংকট। অজুহাতের হাত যেন সমান্তরালে অনেকগুলো আর এর ওপর ভর দিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোক্তার পকেট কেটে নিজেদের উদর ভরছেন ব্যবসায়ী নামের স্বেচ্ছাচারী চক্র! আইন-সরকার-প্রশাসনের হাতের চেয়ে ওদের হাত এত লম্বা হয় কী করে!
দেশ রূপান্তরের প্রতিবেদনে ঢাকাসহ অন্যান্য নগর-শহরের এলপিজির দামের ক্ষেত্রে যে তারতম্য তুলে ধরা হয়েছে তা শুধু অস্বাভাবিকই নয়, রীতিমতো বিস্ময়কর। ঢাকা এবং ময়মনসিংহে এলপিজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে যথাক্রমে ৪৪০ ও ৩৯০ টাকা বেশি দামে। এর ব্যাখ্যা কি দেবে বিইআরসি? যখন অনিয়মই নিয়ম হয়ে দাঁড়ায়, তখন ভোক্তার করণীয় কী? নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার চিত্র স্পষ্টতই সাক্ষ্য দিচ্ছে, এলপিজি নিয়ে চলছে ভয়াবহ নৈরাজ্য। এর দায় কর্র্তৃপক্ষ এড়াতে পারে না। এলপিজির বাজার লাগামহীন হয়ে পড়ায় শ্রমজীবী থেকে মধ্যবিত্ত সব শ্রেণির নাগরিকদের ওপর শুধু চাপ ও দুর্ভোগের বোঝাই ক্রমে ক্রমে ভারী হচ্ছে তাই নয়, জন-অসন্তোষের পরিসরও বাড়ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, একই বৈশি^ক বাস্তবতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে কীভাবে আমাদের চেয়ে তুলনামূলক অনেক কম দামে ভোক্তা এলপিজি ক্রয় করতে পারছে, এই প্রশ্নের ব্যাখ্যা কর্র্তৃপক্ষেরই দিতে হবে।
দেশে বর্তমানে এক কোটিরও বেশি ভোক্তা রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। আমরা বৈশ্বিক বাস্তবতা অস্বীকার করি না, কিন্তু উপরোক্ত প্রশ্নগুলো সামনে রেখে আমরা আরও জিজ্ঞাসা করতে চাই কর্র্তৃপক্ষ এ খাতে বারবার দাম বাড়িয়ে কি অতি মুনাফাকারীদের কাছে আত্মসমর্পণ করছে না ভোক্তার স্বার্থ উপেক্ষা করে? একদিকে নিত্যপণ্যের মূল্যস্ফীতি, অন্যদিকে জীবনযাত্রার বাকি অনুষঙ্গগুলোও অস্থিরতার মধ্যে নিপতিত হওয়ায় মানুষের গত্যন্তর কী? ভোজবাজি কিংবা কারসাজি করে যারা অযৌক্তিক মুনাফা লুটছে তারা জনশত্রু এবং তাদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো অবকাশ নেই। ব্যবস্থা নেওয়া হবে, খতিয়ে দেখা হচ্ছে এসব গৎবাঁধা কথা আমরা আর শুনতে চাই না, দেখতে চাই যথাযথ প্রতিবিধান। বাজার তদারকির গলদ সারাতে হবে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিতে হবে নির্মোহ অবস্থান।