নারকেল খাওয়ার পর খোলাটি সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু সামান্য সৃজনশীলতা কাজে লাগালে এই ফেলনা জিনিসটিই হয়ে উঠতে পারে বাগানের প্রয়োজনীয় উপকরণ। বিশেষ করে যাদের বারান্দায় বা ছাদে ছোট্ট বাগান রয়েছে, তাদের জন্য নারকেলের শুকনো খোলা বেশ কাজে আসতে পারে। পরিবেশবান্ধব এই উপকরণ দিয়ে গাছ লাগানো থেকে শুরু করে বাগান সাজানোর নানা কাজ করা যায়।
ছোট গাছের প্রাকৃতিক টব : মানিপ্ল্যান্ট, ছোট সাকুলেন্ট কিংবা বিভিন্ন চারাগাছ লাগাতে নারকেলের খোলা ব্যবহার করা যায়। প্রথমে খোলার ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর নিচের দিকে কয়েকটি ছিদ্র করে মাটি ভরে গাছ লাগানো যাবে। ছোট গাছের জন্য এমন টব বারান্দার সৌন্দর্যও বাড়াবে।
পাখির পানির পাত্র : বাগানে পাখির আনাগোনা বাড়াতে নারকেলের খোলা দিয়ে তৈরি করতে পারেন ছোট পানির পাত্র। খোলাটি পরিষ্কার করে তাতে পানি রেখে নিরাপদ জায়গায় বসিয়ে দিন। তবে নিয়মিত পানি পরিবর্তন ও পাত্র পরিষ্কার করা জরুরি, যাতে মশা ও জীবাণু জন্মাতে না পারে।
বাগানের সাজসজ্জায় : নারকেলের খোলায় নিজের পছন্দমতো নকশা এঁকে তৈরি করতে পারেন শোপিস, ঝুলন্ত টব কিংবা ছোট হ্যাগিং লাইট। এতে বাগানে আসবে ভিন্নধর্মী সৌন্দর্য। রঙ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশবান্ধব ও বিষমুক্ত উপকরণ বেছে নেওয়া ভালো।
মাটির আর্দ্রতা ধরে রাখতে : নারকেলের খোলা ছোট ছোট টুকরো করে গাছের চারপাশে ছড়িয়ে দেওয়া যায়। এটি মালচিংয়ের বিকল্প উপকরণ হিসেবে ব্যবহার করা সম্ভব। এতে মাটির আর্দ্রতা ধরে রাখতে কিছুটা সহায়তা হতে পারে। তবে খোলার টুকরো যেন গাছের কা-ের সঙ্গে লেগে না থাকে।
উপকারী পতঙ্গের আশ্রয় : বাগানের নিরিবিলি ও নিরাপদ জায়গায় পরিষ্কার শুকনো নারকেলের খোলা রেখে দিতে পারেন। এর ভেতরে কিছু উপকারী পতঙ্গ আশ্রয় নিতে পারে। তবে জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখতে হবে।