জনসম্পদ ধ্বংস করা গুরুতর অপরাধ

রাস্তা, সেতু, গণপরিবহন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো সাধারণ মানুষের কল্যাণে নির্মিত হয়। এসব সম্পদের সঙ্গে লাখো মানুষের জীবন ও জীবিকা জড়িত। অথচ রাজনৈতিক বিরোধ, আন্দোলন কিংবা ব্যক্তিগত ক্ষোভের কারণে অনেক সময় এসব সম্পদ ভাঙচুর করা হয়। যানবাহনে আগুন দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ। ইসলাম এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কখনো সমর্থন করে না।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু ধ্বংস করতে সচেষ্ট হয়। অথচ আল্লাহ অশান্তি পছন্দ করেন না।’ (সুরা বাকারা ২০৫)

এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতি করে অশান্তি সৃষ্টি করা আল্লাহর অপছন্দনীয় কাজ। জনসম্পদ ধ্বংস করাও এ ধরনের বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত। কারণ এসব সম্পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এর সঙ্গে পুরো সমাজের স্বার্থ জড়িত।

মহান আল্লাহ আরও বলেন, ‘আর পৃথিবীতে শান্তি স্থাপনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সুরা আরাফ ৫৬)

রাজনৈতিক কিংবা সামাজিক যে কারণেই আন্দোলন হোক, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কারও নেই। ন্যায্য দাবি আদায়ের জন্য প্রতিবাদ করা যেতে পারে। কিন্তু প্রতিবাদের নামে বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়ি কিংবা সরকারি স্থাপনায় আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি যানবাহন পুড়িয়ে দিলে শুধু মালিকই ক্ষতিগ্রস্ত হন না। বরং চালক, শ্রমিক ও যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ে। অনেকের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।

মহানবী (সা.) মানুষের সম্পদের অধিকার সম্পর্কে কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করবে, কেয়ামতের দিন সাত স্তর জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে।’ (সহিহ বুখারি ২৪৫২)

যেখানে অন্যের সামান্য সম্পদ অন্যায়ভাবে দখল করাও গুরুতর অপরাধ, সেখানে মানুষের সম্মিলিত সম্পদ ধ্বংস করা কত বড় অন্যায়, তা সহজেই অনুমেয়।

লেখক : ইসলামি গবেষক