মানুষের চিন্তা, মতামত ও আদর্শ এক রকম হয় না। পরিবার, সমাজ, রাজনীতি কিংবা কর্মক্ষেত্রে মতের অমিল থাকতেই পারে। কখনো ব্যক্তিগত বিরোধ থেকে প্রতিপক্ষ তৈরি হয়। আবার রাজনৈতিক মতপার্থক্য, ব্যবসায়িক প্রতিযোগিতা, জমিজমা নিয়ে বিরোধ কিংবা সামাজিক অবস্থান নিয়েও মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু প্রতিপক্ষ হলেই কি তাকে ঘৃণা করতে হবে? তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যাবে না? ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।
ইসলাম মানুষকে ন্যায়বিচার, সহনশীলতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। কারও সঙ্গে মতের অমিল কিংবা বিরোধ থাকলেও তার প্রতি অন্যায় করার অনুমতি দেয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনো ন্যায়বিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করো। এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।’ (সুরা মায়েদা ৮)
আয়াতটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ কিংবা আদর্শিক বিরোধ থাকলেও তার অধিকার নষ্ট করা যাবে না। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, সম্মানহানি করা কিংবা অন্যায় আচরণ করা যাবে না। এমনকি প্রতিপক্ষের সঙ্গে বিচার-বিবাদ হলেও সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।
আমাদের সমাজে প্রতিপক্ষ তৈরির নানা ক্ষেত্র রয়েছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে মানুষ পরস্পরের শত্রু হয়ে যায়। একই দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা থেকেও বিরোধ তৈরি হয়। ব্যবসায়িক প্রতিযোগিতায় একে অন্যের ক্ষতি করার চেষ্টা চলে। জমিজমা কিংবা সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। প্রতিবেশীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে বিবাদ দীর্ঘস্থায়ী শত্রুতায় রূপ নেয়। এমনকি মসজিদ, মাদ্রাসা কিংবা সামাজিক সংগঠনের দায়িত্ব ও নেতৃত্ব নিয়েও মানুষের মধ্যে বিরোধ দেখা যায়। এসব ক্ষেত্রে অনেকেই প্রতিপক্ষের ভালো দিকগুলো উপেক্ষা করেন এবং তার ভুলত্রুটি খুঁজে বেড়ান।
ইসলাম এমন মানসিকতাকে সমর্থন করে না। মহান আল্লাহ বলেন, ‘ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো এমন পন্থায়, যা উত্তম। ফলে তোমার সঙ্গে যার শত্রুতা রয়েছে, সে অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে।’ (সুরা ফুসসিলাত ৩৪)
এই আয়াত মানুষকে উত্তম আচরণের মাধ্যমে বিরোধ কমানোর শিক্ষা দেয়। তবে এর অর্থ অন্যায়ের প্রতিবাদ না করা কিংবা অপরাধীকে প্রশ্রয় দেওয়া নয়। বরং অন্যায়ের প্রতিবাদ করতে হবে ন্যায়সংগত পদ্ধতিতে। ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে অন্যায় করা যাবে না। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর সম্পর্ক ছিন্ন করো না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।’ (সহিহ বুখারি ৬০৬৫)
মহানবী (সা.)-এর জীবনেও এর বাস্তব শিক্ষা রয়েছে। মক্কায় দীর্ঘদিন তিনি ও তার সাহাবিরা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু মক্কা বিজয়ের পর তিনি প্রতিশোধের পথ বেছে নেননি। বরং সাধারণ ক্ষমার মাধ্যমে ক্ষমাশীলতা ও মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
লেখক : ধর্মীয় নিবন্ধকার