সংসার গড়ে ওঠে স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ববোধের মাধ্যমে। বিয়ের পর স্বামী-স্ত্রী একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। সুখ-দুঃখ, হাসি-কান্না, অভাব-অভিযোগ, স্বপ্ন ও প্রত্যাশা ভাগাভাগি করে এগিয়ে যান। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে নানা অভিজ্ঞতা যুক্ত হয়। সংসারে সন্তান এলে আনন্দের নতুন উপলক্ষ তৈরি হয়। তবে সন্তান না এলে কি দাম্পত্য জীবন অসম্পূর্ণ থেকে যায়? সন্তান ছাড়া কি স্বামী-স্ত্রীর সংসার টিকে থাকতে পারে না? এসব প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত মর্যাদা দিয়েছে। দাম্পত্য পবিত্র বন্ধন, এর মাধ্যমে দুজন মানুষ পরস্পরের জীবনে প্রশান্তি, ভালোবাসা ও নিরাপত্তার আশ্রয় হয়ে ওঠেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি সম্পর্কে বলেছেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।’ (সুরা রুম ২১)
এই আয়াতে দাম্পত্য জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ভিত্তি তুলে ধরা হয়েছে। এগুলো হলো প্রশান্তি, ভালোবাসা ও দয়া। স্বামী-স্ত্রী একে অপরের কাছে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন। সংসার হবে এমন একটি জায়গা, যেখানে দুজন মানুষ নির্ভয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন। একজনের কষ্টে অন্যজন ব্যথিত হবেন। একজন বিপদে পড়লে অন্যজন পাশে দাঁড়াবেন। ভালোবাসা তাদের কাছাকাছি রাখবে। আর দয়া ও সহনশীলতা সম্পর্ককে টিকিয়ে রাখবে।
দাম্পত্য জীবনে ভালোবাসা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পারস্পরিক সম্মান। স্বামী স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেবেন। স্ত্রীও স্বামীর অবস্থান ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। মতের অমিল হলে আলোচনা করবেন। ভুল হলে ক্ষমা চাইবেন এবং ক্ষমা করবেন। সংসারের সিদ্ধান্ত গ্রহণে একে অপরের মতামতকে গুরুত্ব দেবেন। কারণ সংসার কোনো এক ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হওয়ার বিষয় নয়। এটি দুজন মানুষের যৌথ দায়িত্ব ও পথচলা।
পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকারের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার রয়েছে, যেমন রয়েছে তাদের ওপর পুরুষদের অধিকার।’ (সুরা বাকারা ২২৮)
অর্থাৎ দাম্পত্য জীবনে অধিকার একতরফা নয়। স্বামীর যেমন স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে। একে অপরের অধিকার আদায় করা, সম্মান রক্ষা করা এবং সুন্দর আচরণ করা উভয়ের কর্তব্য।
রাসুলুল্লাহ (সা.) পারিবারিক জীবনে উত্তম আচরণের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (জামে তিরমিজি ৩৮৯৫)
এই হাদিস থেকে বোঝা যায়, মানুষের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ ঘটে তার পারিবারিক আচরণে। বাইরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও নিজের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা উত্তম চরিত্রের পরিচয় নয়। স্বামী-স্ত্রী উভয়েরই উচিত পরস্পরের সঙ্গে কোমল আচরণ করা, একে অপরের দুর্বলতা বুঝতে চেষ্টা করা এবং সংসারের ছোটখাটো ভুলত্রুটিকে বড় করে না দেখা।
পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর একটি উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তারা তোমাদের পোশাকস্বরূপ এবং তোমরা তাদের পোশাকস্বরূপ।’ (সুরা বাকারা ১৮৭)
স্বামী-স্ত্রীর সংসারে সন্তান অত্যন্ত মূল্যবান একটি নেয়ামত। সন্তান মা-বাবার জীবনে আনন্দ, মমতা ও দায়িত্বের নতুন মাত্রা যোগ করে। তার বেড়ে ওঠা, হাসি, কথা বলা, প্রথম হাঁটতে শেখা কিংবা ছোট ছোট আবদার সংসারে আনন্দের উপলক্ষ তৈরি করে। মা-বাবা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে একসঙ্গে চেষ্টা করেন। সন্তানের মাধ্যমে তাদের জীবনে নতুন স্বপ্ন ও প্রত্যাশা যুক্ত হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ সন্তানকে দুনিয়ার জীবনের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা।’ (সুরা কাহফ ৪৬)
সন্তান যে মানুষের জীবনে বড় নেয়ামত, এই আয়াত তা স্পষ্ট করে। তবে সন্তানকে দাম্পত্য সম্পর্কের একমাত্র ভিত্তি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। সন্তান সংসারের সৌন্দর্য বাড়ায়, কিন্তু সন্তান না থাকলে স্বামী-স্ত্রীর ভালোবাসা, দায়িত্ব কিংবা পারস্পরিক সম্পর্কের মূল্য কমে যায় না। সন্তান ছাড়া সংসার টিকে থাকতে পারে না, এমন ধারণাও ইসলামের শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সন্তান লাভ ও না পাওয়ার বিষয়টি আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার অধীন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’ (সুরা শুরা ৪৯-৫০)
এই আয়াত আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। সন্তান লাভ মানুষের ইচ্ছাধীন নয়। কেউ সহজেই সন্তান লাভ করেন, আবার কারও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কেউ সন্তান লাভের পরও তাকে হারানোর বেদনা সহ্য করেন। তাই সন্তান না হওয়ার কারণে স্বামী বা স্ত্রীকে দোষারোপ করা, অপমান করা কিংবা হেয় করা উচিত নয়। এটি কারও ব্যক্তিগত ব্যর্থতা বা অযোগ্যতার প্রমাণ নয়।
নবীদের জীবনেও সন্তান লাভে দীর্ঘ অপেক্ষার দৃষ্টান্ত রয়েছে। নবী জাকারিয়া (আ.) দীর্ঘদিন সন্তানহীন ছিলেন। বার্ধক্যে উপনীত হওয়ার পরও তিনি আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। তিনি বলেছিলেন, ‘হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।’ (সুরা আলে ইমরান ৩৮)
আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে ইয়াহইয়া (আ.)-কে দান করেন। (সুরা মারইয়াম ৪-৯)
এই ঘটনা থেকে বোঝা যায়, সন্তান লাভের আকাক্সক্ষা স্বাভাবিক। সন্তান চেয়ে দোয়া করা এবং বৈধ উপায়ে চিকিৎসা গ্রহণ করাও দোষের নয়। তবে সন্তান না থাকলে দাম্পত্য জীবন অর্থহীন হয়ে যায় না। সন্তানহীনতার কারণে একজন মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ ইসলাম দেয়নি।
বাস্তব জীবনেও দেখা যায়, অনেক দম্পতির সন্তান না থাকলেও তারা পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সুন্দর সংসার গড়ে তুলেছেন। আবার অনেক দম্পতির সন্তান থাকার পরও তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন রয়েছে। সন্তান থাকলেই সংসারে শান্তি নিশ্চিত হয় না। সংসারের শান্তি নির্ভর করে স্বামী-স্ত্রীর আচরণ, দায়িত্ববোধ, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার ওপর।
সন্তান না হওয়ার কারণে কোনো স্ত্রীকে এককভাবে দায়ী করা কিংবা তাকে বিচ্ছেদের হুমকি দেওয়া ঠিক নয়। একইভাবে স্বামীর সন্তান জন্মদানে সমস্যা থাকলেও স্ত্রীকে তার পাশে দাঁড়াতে হবে। এমন পরিস্থিতিতে একে অপরকে মানসিক শক্তি দেওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত। দাম্পত্য জীবনের কঠিন সময়ে একে অপরকে ছেড়ে দেওয়া নয়, বরং পাশে থাকাই ভালোবাসার পরিচয়।
স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রকৃত সৌন্দর্য সন্তান থাকা কিংবা না থাকার ওপর নির্ভর করে না। সন্তান সংসারে আনন্দ যোগ করে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা, দয়া, বিশ্বাস, সম্মান ও দায়িত্ববোধ। সন্তান না হলেও দুজন মানুষ একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হতে পারেন। একসঙ্গে ইবাদত করতে পারেন, জীবনের স্বপ্ন পূরণে কাজ করতে পারেন এবং পরস্পরের পাশে থেকে সুন্দর জীবন কাটাতে পারেন।
লেখক : ইসলামি গবেষক