ব্যবসায়িক সংকট ও ঋণসংক্রান্ত খবরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য ও দোয়া করায় অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে টিআরপির জন্য তাকে ঘিরে নেতিবাচক কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের উদ্দেশেও দিয়েছেন বার্তা।
গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল আল্লাহর ওপর পূর্ণ আস্থার কথা জানান। পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করার পর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী।
পোস্টে এই অভিনেতা বলেন, যারা তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। অন্যদিকে তাকে নিয়ে টিআরপির স্বার্থে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। তবে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে। এর মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করলেন।