জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এই শিল্পীকে। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু ও বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হন তিনি। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গুরুতর রক্তক্ষরণের কারণে মৃত্যুর আগের দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
অসুস্থতার মধ্যেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। দীর্ঘ ১১ বছরে তৈরি করা ২৪টি গান প্রকাশের পরিকল্পনা ছিল তার।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। ‘রোকযানা’ ছাড়াও তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। পরবর্তী সময়ে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী।