৪০ হলে মুক্তি পেল

সাইমন-মাহির আনন্দ অশ্রু

নায়ক যুক্তরাষ্ট্রে, নায়িকা কলকাতায়। দুজনের কেউই দেশে নেই। তাদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’ মুক্তি পেয়েছে গতকাল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

নায়ক যুক্তরাষ্ট্রে, নায়িকা কলকাতায়। দুজনের কেউই দেশে নেই। তাদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’ মুক্তি পেয়েছে গতকাল

নায়ক যুক্তরাষ্ট্রে, নায়িকা কলকাতায়। দুজনের কেউই দেশে নেই। তাদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তার ভাষ্য, ঈদের পরবর্তী সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া উল্লেখযোগ্য ঘটনা। তবে নায়ক-নায়িকা দেশের বাইরে থাকায় প্রচারণায় সরাসরি অংশ নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রচার চালাচ্ছেন।

ছবিতে ফরহাদ চরিত্রে অভিনয় করেছেন সাইমন আর শিরিন চরিত্রে মাহি। নির্মাতার দাবি, এটি প্রচলিত প্রেমের গল্পের চেয়ে আলাদা। সাধারণত নায়ক-নায়িকার বিয়ের মধ্য দিয়ে সিনেমার গল্প শেষ হলেও এখানে বিয়ের পর থেকে শুরু হয়েছে মূল কাহিনি।

একই নামে ১৯৯৭ সালে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা থাকলেও নতুন ছবিটির সঙ্গে সেটির গল্পের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মৌলিক কাহিনিতে নির্মিত।

সুদীপ্ত সাইদ খানের গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ আকিব ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী। এর আগে এই জুটিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক।

সর্বশেষ সর্বাধিক পঠিত