রাজীব বেঁচে আছেন দর্শক হৃদয়ে

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের দাপুটে এই অভিনেতা। মৃত্যুর দুই দশক পেরিয়ে গেলেও অভিনয়ের নিজস্বতা, সংলাপ বলার ধরন ও শক্তিশালী উপস্থিতির কারণে দর্শকের মনে এখনো স্মরণীয় হয়ে আছেন তিনি।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকীতে জন্মগ্রহণ করেন রাজীব। চলচ্চিত্রে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে চলচ্চিত্রে নাম লেখান। আশির দশকের শুরুতে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে কাজী হায়াত পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

তবে পরবর্তী সময়ে খলনায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন রাজীব। তার দরাজ কণ্ঠ, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি ও অভিব্যক্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভাত দে’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘সাহসী মানুষ চাই’।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রাজীব। পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো হলো ‘হীরামতি’, ‘দাঙ্গা’, ‘বিদ্রোহ চারিদিকে’ ও ‘সাহসী মানুষ চাই’। অভিনয়ের পাশাপাশি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি।

বাংলা চলচ্চিত্রে খলনায়কের চরিত্রকে নিজস্ব অভিনয়শৈলীতে স্মরণীয় করে রাখা এই শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে।