এমপির বাড়িতে আগুন: প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ

এনসিপি মনোনীত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর শহরের শহীদ মিনার চত্বরে এনসিপির জেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এনসিপির পিরোজপুর পৌর শাখার আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ কামাল হোসেন ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার অপি।