চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পর্শে মো. ফাহিম নামের এক কোরআনে হাফেজ ও মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হাফেজ মো. ফাহিম (২২) ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো.আবু বক্কর সওদাগরের ছেলে ও বড়দিঘীর পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী।
আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী ও স্থানীয়ারা জানায়, শনিবার সকালে হাফেজ ফাহিম নিজ বাড়ির পাশের একটি বিলে মাছ ধরার জন্য পার্শ্ববর্তী দোকান থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাম্পের সাহায্যে পানি সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত আসেনি।