পর্যাপ্ত প্রশিক্ষণে যুবসমাজ দক্ষ জনশক্তিতে গড়ে উঠবে: এমপি হাজী মুজিব

মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, ‘কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চা-বাগানের মানুষ যেন বিভিন্ন সরকারি কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-যুবসমাজ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাস্তাঘাট, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়নেও সরকার কাজ করছে।’
 
শনিবার (১৪ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে অনুষ্ঠিত বার্ষিক পাবলিক টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংস্থা জনকল্যাণ কেন্দ্রের (জেকেকে) আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা ডিনেটের সহযোগিতায় ‘নাগরিক সমন্বয় প্রকল্প’ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী-পুরুষ, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। এ ছাড়া সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার মিস ক্যাথরিনা কোনিগ সভায় বক্তব্য দেন।
 
সভায় বক্তারা কমলগঞ্জ উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাস্তাঘাট, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।