মৌলভীবাজারে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২৫৯ শিক্ষার্থী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সারা দেশের সঙ্গে একযোগে মৌলভীবাজার জেলার চার উপজেলার পাঁচ কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে জেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের ১ হাজার ২৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটি সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। রাজনগর উপজেলার খলাগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় ৪৪৫ জন। এছাড়া মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫১ এবং শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।

পরীক্ষা চলাকালে জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ এবং জেলা সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

রাজনগর কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলী হোসেন ও মৌলভীবাজার বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান চৌধুরী। এ ছাড়া জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ইসমাইল মাহমুদ ও সভাপতি মো. এহসানুল হক জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে ছিল মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, রাজনগরের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় এবং জুড়ীর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, জেলার সব কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়েছে। তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা দায়িত্ব পালন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে জেলা সভাপতি মো. এহসানুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত