যশোরে ৯ মাসে ৫০৭ মামলায় সাজা, ৫৪ জনের যাবজ্জীবন

যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতি বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতগুলোতে বিভিন্ন মামলায় ৫০৭টি রায়ে আসামিদের সাজা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সময় দেওয়ানি মামলা নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশে। এতে দীর্ঘদিনের মামলাজট কমতে শুরু করেছে।

শনিবার (১৪ নভেম্বর) যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল। এতে জেলার বিচার বিভাগের কার্যক্রম, মামলা নিষ্পত্তি ও বিচারিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্যে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা হয়েছিল। এর মধ্যে ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসে ৪০০টি মামলায় সাজা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদক মামলার নিষ্পত্তিতেও অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালের পুরো বছরে মাদকসংক্রান্ত ৫৮টি রায়ে সাজা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অথচ চলতি বছরের প্রথম ৯ মাসেই মাদক মামলায় ১০৭টি রায়ে সাজা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অগ্রগতির চিত্র আরও উল্লেখযোগ্য। ২০২৫ সালে এসব মামলার নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি।

তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩৯০টি নতুন মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি। এতে মামলা নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশে। একই সময়ে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।

এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলাজট কমানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ আদালতে বিভিন্ন ফৌজদারি, জিআর ও সিআর মিলিয়ে মোট ১৩ হাজার ৬৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন ও নতুন দায়ের হওয়া মামলার চাপ সামলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিষ্পত্তির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন।

সম্মেলনে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম ও এম এ গফুরসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।