আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা জরুরি: ভূমি প্রতিমন্ত্রী

আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ভূমিসেবার ডিজিটাল রূপান্তর মালিকানাসংক্রান্ত জটিলতা কমানোর পাশাপাশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য দেশের প্রতিটি এলাকায় ভূমির ডিজিটাল রেকর্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পে স্মার্ট জোন তৈরির কাজও চলছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘ফার্স্ট রিয়েল এস্টেট ইনোভেশন সামিট ২০২৬’-এ গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আবাসন খাতের টেকসই উন্নয়নের জন্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য। ভূমি ব্যবস্থাপনার প্রধান সমস্যা হলো রেকর্ড। এই সমস্যা দূর করতে দেশের প্রতিটি জায়গায় ডিজিটাল রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্প হিসেবে স্মার্ট জোন তৈরির কাজও চলমান রয়েছে। সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলেই সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নীতিনির্ধারক ও শিল্পের মধ্যে কার্যকর সংলাপের সুযোগ তৈরি করে।’

‘উদ্ভাবন, প্রযুক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে ‘প্রপার্টি খবর’। আনোয়ার ইস্পাতের পরিবেশনায় এবং আনোয়ার সিমেন্টের পৃষ্ঠপোষকতায় বিকেল ৪টায় শুরু হওয়া সম্মেলনটি চলে রাত ৯টা পর্যন্ত।

সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, প্রপার্টি খবরের প্রতিষ্ঠাতা ও প্রপটেকবাজের কান্ট্রি ম্যানেজার আরিফ হাসান, টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং রিহ্যাবের পরিচালক তাসনোভা মাহবুব সালাম, আনোয়ার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফোরকান এন. হোসেন ও চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদসহ রিয়েল এস্টেট, নির্মাণ, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি, স্থাপত্য ও নগর উন্নয়ন খাতের ২০০-এর বেশি উদ্যোক্তা, শীর্ষ নির্বাহী, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও পেশাজীবী অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা, আস্থার সংকট, ক্রেতা-বিক্রেতার স্বার্থের ভারসাম্য, আবাসনের ক্রয়ক্ষমতা, অর্থায়নের সুযোগ এবং প্রযুক্তি গ্রহণের সীমাবদ্ধতা দূর করতে নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সংলাপ প্রয়োজন। আবাসনশিল্পকে আরও স্বচ্ছ, দক্ষ, টেকসই ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সম্মেলনে রিয়েল এস্টেট খাতের বর্তমান সংকট, ভোক্তার আস্থা পুনরুদ্ধার, আবাসনের ক্রয়ক্ষমতা ও অর্থায়নের সুযোগ, প্রপটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট বিল্ডিং এবং টেকসই নগর উন্নয়ন নিয়ে প্যানেল আলোচনা হয়। নেটওয়ার্কিং পর্বে উদ্যোক্তা, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিজ্ঞতা বিনিময় করেন।

আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে রয়েছে রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ সিটি উত্তরা, দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড ও টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড। কো-পার্টনার হিসেবে রয়েছে কনকর্ড, রিহ্যাব, ফ্লিক বাংলাদেশ, এআই পলিমার, ডিউলা রুফ ও ভাইয়া হোটেলস। অ্যাসোসিয়েট পার্টনার ভিন্টেজ এআই ও প্রপার্টি ইনডেক্স লিমিটেড এবং ফাইন্যান্সিয়াল পার্টনার এসবিএসি ব্যাংক। মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য গ্র্যাজুয়েটস ও এশিয়া পোস্ট। এ ছাড়া ক্রিয়েটিভ পার্টনার ট্রিভিয়া, কমিউনিটি পার্টনার প্রপটেকবাজ, একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্ট্র্যাটেজিক পার্টনার জেনিথ।