নগরজীবনের যান্ত্রিকতা ও ব্যস্ততাকে ছাপিয়ে হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় শনিবার সুরের মায়াজাল বিস্তার করে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’। গুলশান সোসাইটির উদ্যোগে রাজধানীর লেকপার্কে এই মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রহায়ণের শেষ, মৃদু-মন্দ হিমেল হাওয়া বইছে। প্রকৃতিতে এখন হেমন্তের হাতছানি। তাই সন্ধ্যা নামতেই লেকপার্কের সবুজ চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজনের মূল আকর্ষণ ছিল দেশের দুই বরেণ্য সংগীতশিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসংগীতের অমিয় ধারায় দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করেন বিশিষ্ট শিল্পী অদিতি মহসীন। হেমন্তের প্রকৃতি, প্রেম ও মাধুর্যমণ্ডিত বেশ কয়েকটি কালজয়ী গান পরিবেশন করে তিনি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যান। লেকের জলের মৃদু ঢেউ আর অদিতি মহসীনের স্নিগ্ধ কণ্ঠ মিলেমিশে সেখানে এক অপার্থিব আবহ তৈরি করে।
তিনি একে একে গেয়ে যান-আনন্দধারা বহিছে ভুবনে, একটু কেবল বসতে দিয়ো, ভালোবেসে সখী নিভৃতে যতনে, গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ, তুমি কি কেবলই ছবি, ও যে মানে না মানা, আমার এই পথ চলাতেই আনন্দসহ অনেকগুলো গান।
রবীন্দ্রসংগীতের রেশ কাটতে না কাটতেই মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। তিনি প্রথমেই পরিবেশন করেন বৃষ্টির গান—বৃষ্টি পড়ে অঝোর ধারায়।
এরপর তিনি একের পর এক তাঁর নিজস্ব ধারার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে অনুষ্ঠানে যোগ করেন ভিন্ন মাত্রা। বাপ্পা মজুমদারের কণ্ঠ ও গিটারের জাদুতে লেকপার্কের খোলা আকাশের নিচে তৈরি হয় এক অনন্য আবেশ। প্রিয় শিল্পীর সুরের তালে তালে উপস্থিত দর্শকদেরও গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায়।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত তাঁর স্বাগত বক্তব্যে তুলে ধরেন এমন আয়োজনের নেপথ্য ভাবনা।
তিনি বলেন, “হেমন্ত আমাদের আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। ক্ষেতে সোনালি ধান, কৃষকের চোখে-মুখে থাকে হাসি। আর এই সবকিছুই উদযাপন করা হয়ে থাকে নানা উৎসবের মধ্য দিয়ে। এটা আমাদের সংস্কৃতি। কিন্তু আমরা এই সংস্কৃতিকে ভুলতে বসেছি। তাই আমরা এই উৎসবের আয়োজন করেছি, যাতে হেমন্তকে আমরা ভুলে না যাই।”
ওমর সাদাত বলেন, “ধর্মে আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু। কিন্তু বাংলা আমাদের ভাষা, বাঙালি আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তা। এগুলোর কোনোটাই কোনোটা থেকে আলাদা নয়।”
ইট-পাথরের এই শহরে প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। ঋতুভিত্তিক এমন আয়োজন আমাদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে সাহায্য করে।
গুলশান এলাকার বাসিন্দা, সোসাইটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে লেকপার্ক প্রাঙ্গণ রূপ নিয়েছিল এক মিলনমেলায়। নাগরিক জীবনের একঘেয়েমি কাটিয়ে এমন সুস্থ বিনোদন ও পারস্পরিক মেলবন্ধনের আয়োজনের জন্য উপস্থিত অতিথিরা গুলশান সোসাইটিকে সাধুবাদ জানান। সুরের এই রেশ নিয়েই এক আনন্দঘন স্মৃতি সঙ্গে করে ঘরে ফেরেন নগরবাসী।