বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএওএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানী ঢাকায় সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাণিজ্য মন্ত্রণালয় ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী। আর্থিক হিসাব বিবরণী ও আগামী বছরের বাজেট উপস্থাপন করেন অর্থবিষয়ক সম্পাদক নূর নেওয়াজ বাপ্পি।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, সংগঠনের আর্থিক হিসাব পর্যালোচনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়িক পরিবেশ সুশৃঙ্খল রাখতে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নতুন সদস্য অন্তর্ভুক্তি, সদস্য ফি নির্ধারণ, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার সঙ্গে সংশ্লিষ্ট মামলা-মোকদ্দমা এবং এসব বিষয়ে তহবিল ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় দেশের আউটডোর বিজ্ঞাপন শিল্পের বিকাশ ও আধুনিকায়নে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি আউটডোর বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ফেয়ার আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি বিজ্ঞাপন স্থাপনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
সভাপতির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, দেশের আউটডোর বিজ্ঞাপন শিল্পকে আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সদস্যদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, পারস্পরিক সহযোগিতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে।
তিনি বলেন, বিবিএওএ সদস্যদের পেশাগত ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের বিজ্ঞাপন শিল্পের উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ইতিবাচক ব্যবসায়িক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম, সহসভাপতি আফসার উদ্দিন সেলিম, কাজী মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম এ কবির, সাংগঠনিক সম্পাদক মির্জা রাকিবুল হাসান মিঠু, আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন এবং দপ্তর সম্পাদক মো. রাজিব উদ্দিন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন। সদস্যদের ঐক্য ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের আউটডোর বিজ্ঞাপন শিল্পকে আরও গতিশীল, নিরাপদ ও টেকসই অবস্থানে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।