'ওরা তো রোবট নয়’: ভুল করলেও গোলকিপার শ্রাবণকে আগলে রাখলেন ডুলি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের এক ভুলে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের একটি ভুল পাসের সুযোগ নিয়ে জয়সূচক গোলটি আদায় করে নেয় পাকিস্তান। তবে এই তরুণ গোলকিপারকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ বাংলাদেশ কোচ থমাস ডুলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবলাররা রক্ত-মাংসের মানুষ, কোনো ‘রোবট’ নন।

ম্যাচ শেষে শ্রাবণের ভুলের বিষয়ে কোনো কথা বলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডুলি বলেন, “আমি তাকে কিছু বলিনি। আপনি বুঝতেই পারছেন, এমন একটা পরিস্থিতিতে যখন আপনি এমন একটি ম্যাচ হারতে যাচ্ছেন, যা আপনি জিততে চেয়েছিলেন এবং সবকিছু ইতিবাচক মনে হচ্ছিল… সেও তো একজন তরুণ খেলোয়াড় এবং ভুল সেও করেছে। আমি যেমনটা সবসময় বলি, ওরা কোনো রোবট নয়। তাদেরও মস্তিষ্ক আছে এবং তারা চরম চাপের মধ্যে থাকে।”

কোচ মনে করেন, যেকোনো গোলকিপারই এমন ভুল করতে পারেন এবং এর জন্য এককভাবে কাউকে দোষারোপ করা ঠিক নয়। “সবকিছু একসঙ্গে মিলে আজ আমাদের জন্য কাজটা সহজ হয়নি। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দোষ দেওয়া খুব কঠিন,” যোগ করেন জার্মান এই কোচ।

৮৬ মিনিটে গোল হজম করার ধাক্কা দল সহজে নিতে পারেনি জানিয়ে ডুলি বলেন, “৮৬ মিনিটে গোল খাওয়াটা একটা বড় ধাক্কা। মানুষ হিসেবে আপনি তাৎক্ষণিকভাবে এটা মেনে নিতে পারবেন না।” তার মতে, এই ম্যাচটি জিততে পারলে ফাইনালে ভারতের বিপক্ষে খেলাটা তুলনামূলক সহজ হতো।

ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলের পারফরম্যান্স নিয়ে ডুলি বলেন, পাকিস্তান শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। “আমরা এক বা দুটি ভুল করেছি, ভালো করতে চেয়েছি কিন্তু পারিনি। এরপর যখন বারবার চেষ্টা করেও সফল হওয়া যায় না, তখন দলের মধ্যে স্নায়ুচাপ কাজ করতে শুরু করে।” তিনি আরও জানান, পাকিস্তানের তুলনায় বাংলাদেশি খেলোয়াড়দের মাঠে বেশি ক্র্যাম্প (পেশিতে টান) করতে দেখা গেছে, যা প্রমাণ করে প্রতিপক্ষ দল শারীরিকভাবে বেশি ফিট এবং তাদের বিশ্রামের সময়ও বেশি ছিল (৫ দিন)।

 

তরুণ এই দলটিকে নিয়ে সামনে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ডুলি বলেন, “এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময়। আমি দলটিকে আরও উন্নত করতে, নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে এবং আমাদের যেসব জিনিস শেখা দরকার তা নিয়ে কাজ চালিয়ে যেতে উন্মুখ হয়ে আছি।”