প্রথমবার এক টেবিলে তিন বিশ্বনেতা

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভøাদিমির পুতিন ও শি জিনপিং। হোয়াইট হাউজের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে তিন নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ত্রিপক্ষীয় এই আলোচনায় ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ কমানোর বিষয়টি তুলবেন। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়েও আলোচনা করবেন তিনি। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে এ বৈঠকে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এ অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন,  বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠা দুটি যুদ্ধের মধ্যে একটির প্রসঙ্গ বৈঠকে উঠবে, অন্যটি নিয়ে আলোচনা হবে না। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরানের প্রসঙ্গ তুলতে চান।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন আলাদাভাবে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে আমাদের আলোচনার আলাদা একটি ধারা রয়েছে।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘চীন এ আলোচনা প্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।’ বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনা থেকে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। একই দিনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক ও ভোজেও অংশ নেবেন ট্রাম্প। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার মধ্যে চতুর্থ বৈঠক। তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠক করবেন না ট্রাম্প। আগামীকাল সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে অংশ নেবেন। এরপর সেখান থেকে চীনের শেনজেনে যাবেন তিনি।

ইরানে নতুন হামলার প্রয়োজন নেই : রুবিও ইরানের ওপর নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে দুর্বল হয়ে পড়া ইরান সরকারের ওপর এমনিতেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ফলে আপাতত সামরিক পদক্ষেপ ছাড়াই দেশটিকে চাপে রাখা সম্ভব। ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তৈরি করা অর্থনৈতিক চাপ এতটাই তীব্র যে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই হবে বিজয় নিশ্চিত করার মূল শর্ত।