যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় আকস্মিক যোগাযোগ বিভ্রাটের কারণে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হয়েছে। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। বিমানবন্দরগুলোতে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। তবে এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্র্তৃপক্ষ। গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে দেশব্যাপী উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধের নির্দেশ দেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই নির্দেশনাকে বিমান চলাচলের পরিভাষায় ‘গ্রাউন্ড স্টপ’ বলা হয়। এর অর্থ, সংশ্লিষ্ট বিমানবন্দরগুলো থেকে নতুন করে উড়োজাহাজ উড্ডয়ন করতে পারে না। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে উড্ডয়নের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, আকাশপথে বিমান চলাচল পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় ফ্লাইট বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে। তিনি সতর্ক করেন, উড়োজাহাজের উড্ডয়ন শুরু হলেও বাতিল ও বিলম্বিত ফ্লাইটের চাপ কাটিয়ে উঠতে বিমান সংস্থাগুলোকে আরও সময় দিতে হবে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা পরিচালনায় বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে। এসব কেন্দ্রের মাধ্যমে উড়োজাহাজের অবস্থান, গতিপথ এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার কার্যক্রম সমন্বয় করা হয়। এই যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাধাগ্রস্ত হয়। শন ডাফির ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের পুরনো প্রযুক্তি ও যন্ত্রপাতির ওপর নির্ভরশীল বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাই এই বিপর্যয়ের অন্যতম কারণ। তিনি জানান, ব্যবস্থাটিতে ব্যবহৃত সুইচ ও রাউটারে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়েছিল। এর ফলে নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর কাছে পৌঁছানো তথ্যে অসংগতি দেখা দেয়। ডাফি বলেন, যুক্তরাষ্ট্র এখনো এমন একটি বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করছে, যার অনেক যন্ত্রপাতি ও প্রযুক্তি কয়েক দশকের পুরনো। পুরনো তামার তারনির্ভর যোগাযোগব্যবস্থা, রাউটার এবং সুইচের সীমাবদ্ধতা দীর্ঘদিন ধরেই এই খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। তবে কী কারণে যন্ত্রপাতিগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়েছিল, তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।
হঠাৎ উড্ডয়ন বন্ধের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলের সূচি বিপর্যস্ত হয়ে পড়ে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতির প্রভাবে পরদিনের জন্যও শত শত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপর্যয়ের প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের বড় বিমানবন্দরগুলোতে। শিকাগোর ও’হেয়ার, ফ্লোরিডার মিয়ামি, ডালাসসহ বিভিন্ন বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। নির্ধারিত সময়ে উড়োজাহাজ ছাড়তে না পারায় অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করেন। কেউ কেউ বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত ভোগান্তিতে পড়েন। বিমানবন্দরে উড়োজাহাজের জট তৈরি হওয়ায় কিছু ক্ষেত্রে অবতরণের পরও যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে। বড় ধরনের এই বিঘ্ন শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটেই সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক বিভিন্ন রুটের ফ্লাইট সূচিতেও এর প্রভাব পড়ে। বিমান চলাচল আবার শুরু হলেও উড়োজাহাজ ও ক্রুদের নির্ধারিত অবস্থানে ফিরিয়ে আনা এবং নতুন করে সময়সূচি সমন্বয় করতে বিমান সংস্থাগুলোকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এখন পর্যন্ত এই বিভ্রাটের পেছনে সাইবার হামলা কিংবা অন্য কোনো নাশকতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি কারিগরি ত্রুটির ঘটনা বলেই মনে করছে কর্র্তৃপক্ষ। মুলিন আরও জানিয়েছেন, ঘটনার সময় আকাশে থাকা উড়োজাহাজগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে দেশব্যাপী উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের ঘটনা অত্যন্ত বিরল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার স্বার্থে দেশটির আকাশপথে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে বিমান চলাচলসংক্রান্ত জরুরি তথ্য সরবরাহের ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দেশব্যাপী অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই স্থগিতাদেশ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল।