ইরানে হামলার ছক

আইজেনকোটের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গতকাল শনিবার এ খবর জানিয়েছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে আইজেনকোটের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু। সম্প্রচার মাধ্যমটি এ ‘বিষয় সম্পর্কে অবগত’ একটি সূত্রের বরাতে জানিয়েছে, এসব গোয়েন্দা তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এর আগে নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদের প্রধান রোমান গোফম্যান যে ওয়াশিংটন সফর করছেন, সে বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না। তবে তাকে ইচ্ছাকৃতভাবে এই সফরের তথ্য জানানো হয়নি কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অ্যাক্সিওস জানিয়েছে, গোফম্যান হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনা করবেন। অ্যাক্সিওস এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানালেও মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউজ সাড়া দেয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত