পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ কালিয়াকৈরে গ্রেপ্তার ২০

মজুরি বৃদ্ধির দাবি ও সহকর্মীর মৃত্যুর গুজবে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার সকালে আবারও আঞ্চলিক সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। দুপুরে পুলিশের কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপে শ্রমিকরা ছত্রভঙ্গ হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এলাকাবাসী, পুলিশ ও কারখানা শ্রমিক-কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি ও সহকর্র্মীর মৃত্যুর গুজবে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় গতকাল শনিবার সকালে বিক্ষোভ শুরু করেন ট্রপিক্যাল, এপ্রেক্স, লেঞ্জারিসহ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। এমন পরিস্থিতিতে অনাকাক্সিক্ষত ঘটনা ও ভাঙচুর এড়াতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ রেখে নানা সেøাগানে বিক্ষোভ মিছিল করে। এর ফলে ওই সড়ক ও মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিশু, বৃদ্ধ, রোগী ও তাদের স্বজনরা। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলে দুপুর ১২টার দিকে মহাসড়ক যান চলাচল পুনরায় শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পোশাকশ্রমিকদের এই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অনুপ্রবেশ করেছিলেন। সকালে তারা গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে মহাসড়কে জড়ো হন। পরে তারা বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে গাজীপুর-২ শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।