কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

জীবন, সমাজ ও সময়ের নানা সংকটকে সাহিত্যের পাতায় তুলে ধরেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মানুষের জীবনসংগ্রাম, দেশভাগের বেদনা, শেকড়ের টান ও প্রান্তিক মানুষের কথামালা তার গল্প-উপন্যাসে পেয়েছে স্বতন্ত্র ভাষা ও শিল্পরূপ। গভীর জীবনবোধ এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির মধ্য দিয়ে বাংলা কথাসাহিত্যে তিনি নির্মাণ করেছেন নিজস্ব অবস্থান।

আজ ১৫ নভেম্বর তার পঞ্চম মৃত্যুবার্ষিকী।

জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে। বাবা মোহাম্মদ দোয়া বখশ ও মা জোহরা খাতুন। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন রাজশাহীতে। ১৯৫৪ সালে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে খুলনার ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ছাত্রজীবনে জড়িয়ে পড়েন ছাত্ররাজনীতিতে। রাজনীতিতে সম্পৃক্ততার কারণে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের শিকারও হতে হয়েছিল। ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক এবং ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে পিএইচডি করতে অস্ট্রেলিয়া গেলেও সেখানের পরিবেশ ভালো না লাগায় ডিগ্রি সম্পন্ন না করেই দেশে ফিরে আসেন।

রাজশাহী কলেজে পড়ার সময় ১৯৬০ সালে সিকানদার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকায় প্রকাশিত হয় তার গল্প ‘শকুন’। এই গল্পের মধ্য দিয়েই তিনি সাহিত্যিক মহলে পরিচিতি লাভ করেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য’। তার বহুল আলোচিত ছোটগল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’ পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।

১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত টানা ৩১ বছর সেখানে অধ্যাপনা করেন। ২০০৬ সালে প্রকাশিত হয় তার উপন্যাস ‘আগুনপাখি’। এ গ্রন্থের জন্য ২০০৮ সালে কলকাতা থেকে আনন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস ‘সাবিত্রী উপাখ্যান’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ২০১৯ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। ২০২১ সালের ১৫ নভেম্বর ৮২ বছর বয়সে রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কথাসাহিত্যিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে সমাহিত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত