জামায়াত আমির বললেন

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট ডাকাত, ষড়যন্ত্রকারী বা ভোট ইঞ্জিনিয়ারকে সহযোগিতা করা হবে না। এখন থেকেই শক্ত হতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে।

গতকাল শনিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আরও বক্তব্য দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মুয়াযযম হোসাইন হেলাল ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ইতিহাস বলে, জনগণ যখন ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র তাদের বিরুদ্ধে কাজ করে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চাই না। তবে ফ্যাসিবাদের অনেক লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সরকার জাতির সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করেছে। এই প্রতারণা জাতি মানবে না। সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।’

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান)। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সম্মেলনে বক্তব্য দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা এবং দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।