ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা করে দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতের অনিয়ম ও দুর্বলতার দায় এখন পরবর্তী প্রজন্মকেও বহন করতে হবে। তারা চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু তাদের আয়ের একটি অংশ ব্যাংক খাতের ক্ষতি সামাল দিতে ব্যয় হবে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন গভর্নর।
গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া প্রায় সব সামষ্টিক অর্থনৈতিক সূচকই নেতিবাচক অবস্থায় ছিল। এখনো বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানসহ অনেক সূচকে নেতিবাচক পরিস্থিতি রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের সংকট। ব্যাংক খাতের মোট অর্থের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গেছে বলে যে আলোচনা রয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য সরকারকে প্রতিবছর অন্তত ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছেন। পাঁচ থেকে আট বছর পর্যন্ত এ অর্থের প্রয়োজন হতে পারে। তবে এ অর্থের বোঝা পরবর্তী প্রজন্মের ওপর পড়বে—এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমান প্রজন্মের অনিয়ম ও ব্যর্থতার মূল্য ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে।
ডলার বিনিময় হার কমাতে ব্যাংকারদের প্রতি আহ্বান
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার কমানোর সুযোগ সীমিত বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সুদের হার ও মূল্যস্ফীতি দুটোই অনেক বেশি ছিল। ইতিমধ্যে নীতি সুদহার বেশ কিছুটা কমানো হয়েছে। সামনের দিনগুলোতে আরও কমানোর চেষ্টা থাকবে।
মূল্যস্ফীতিতে ডলারের বিনিময় হারের প্রভাব তুলে ধরে গভর্নর বলেন, গত কয়েক বছরে টাকার প্রায় ৬০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৬ শতাংশ। বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় শুধু আমদানি করা পণ্য নয়, দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের কাঁচামাল ও উপকরণের দামও ডলারের বিনিময় হারের সঙ্গে সম্পর্কিত। ফলে ডলারের দাম বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দামে চলে আসে।
তিনি বলেন, ব্যাংকারদের কাছে অনুরোধ থাকবে, আমদানিকারকদের কাছে ডলার বিক্রির ক্ষেত্রে মুনাফার বিষয়টি যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। ডলারের দামে ৫০ পয়সা কমানো সম্ভব হলেও তার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে। কারণ আমদানিকারকের অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই বহন করতে হয়।
ঋণের ৩৫ শতাংশ এসএমই খাতে দেওয়ার লক্ষ্য
ব্যাংক ঋণ বিতরণে বড় করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমিয়ে খুচরা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা খাতে ঋণ বাড়ানোর পরিকল্পনার কথা জানান গভর্নর। তিনি বলেন, গত ১০ বছরে ব্যাংকঋণ অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছে। ঋণের বড় অংশই চলে গেছে বড় করপোরেট প্রতিষ্ঠানের কাছে। অথচ বাণিজ্যিক ব্যাংকগুলো শুধু করপোরেট ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, আগামী বছরের জন্য ঋণ বিতরণের একটি কাঠামো নির্ধারণের চিন্তা করা হচ্ছে। এতে মোট ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা খাতে, ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে এবং বাকি ৪৫ শতাংশ করপোরেট খাতে দেওয়ার লক্ষ্য থাকতে পারে। বড় শিল্পপ্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
গভর্নরের মতে, কৃষি ও এসএমই খাতে ঋণ বাড়লে কর্মসংস্থান এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা তৈরি হবে এবং বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রি ও ব্যবসা টিকিয়ে রাখাও সহজ হবে।
ঋণ বিতরণে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো কোনো শিল্প খাতে বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। একটি খাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে দেশের মোট চাহিদা ৫০ লাখ টন হলেও স্থাপিত উৎপাদন সক্ষমতা ১ কোটি ২৫ লাখ টন। অর্থাৎ চাহিদার আড়াই গুণ সক্ষমতা তৈরি হয়েছে। এ ধরনের অতিরিক্ত সক্ষমতায় অর্থায়ন করা হলে ঋণের অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে।
এমএফআইয়ে ঋণের সুদ ২৪ শতাংশ, ব্যাংক কেন পারছে না
কৃষি ও এসএমই খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়ানোর আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রায় আড়াই লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণ হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ঋণের সুদহার প্রায় ২৪ শতাংশ। অথচ ব্যাংকগুলো এ খাতে প্রয়োজনীয় ঋণ দিতে পারছে না। এর একটি কারণ, ব্যাংকগুলো এ ধরনের গ্রাহকের উপযোগী ঋণপণ্য তৈরি করেনি।
তিনি বলেন, গ্রামাঞ্চলে ঋণের ব্যাপক চাহিদা রয়েছে। ব্যাংকগুলোকে কৃষি ও এসএমই খাতের জন্য উপযোগী ঋণপণ্য তৈরি করতে হবে। এতে ঋণ প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
মূল্যস্ফীতি কমাতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে
বড় ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংকটের দুটি কারণ তুলে ধরে গভর্নর বলেন, একটি হলো কার্যকরী মূলধনের ঘাটতি, অন্যটি মানুষের সামগ্রিক ক্রয়ক্ষমতা কমে যাওয়া। শিল্পপ্রতিষ্ঠানের পণ্য বিক্রি বাড়াতে হলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো জরুরি। এ কারণে দায়িত্ব নেওয়ার পর কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রেমিট্যান্সের আনুষ্ঠানিক প্রবাহ বাড়াতে পেমেন্ট সহজ হচ্ছে
প্রবাসী আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে হুন্ডির বাজারের চাহিদা কমানোর ওপর গুরুত্ব দেন গভর্নর। তিনি বলেন, শুধু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দিয়ে হুন্ডি বন্ধ করা সম্ভব নয়। বরং যেসব বৈধ লেনদেনের জন্য মানুষকে বিদেশে অর্থ পাঠাতে হয়, সেগুলোর প্রক্রিয়া সহজ করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্সের খরচ, ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনের বিষয়গুলো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে আগে অনেক সময় আনুষ্ঠানিকভাবে অর্থ পাঠানোর তথ্য পাওয়া যেত না। ফলে মানুষ বিকল্প পথে অর্থ পরিশোধ করত। এখন বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
আরএফসিডি হিসাব ব্যবহারে বিধিনিষেধের কারণ
রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপের কারণ ব্যাখ্যা করে গভর্নর বলেন, এ হিসাবের মাধ্যমে মূলত বিদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি পাঠানো হতো। আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে টিউশন ফি পাঠানোর সুযোগ সীমিত ছিল। এখন স্কুল ও কলেজ পর্যায়ের টিউশন ফি পাঠানোর সুযোগ সহজ করা হয়েছে।
তবে আরএফসিডি হিসাবে ডলার জমার ক্ষেত্রে অপব্যবহার দেখা গেছে। বাজার থেকে ডলার কিনে তা এ হিসাবে জমা করার প্রবণতা তৈরি হয়েছিল। এতে বাজারে ডলারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। বিদেশ থেকে নগদ ডলার দেশে এনে ব্যাংকে জমা দেওয়ার পরিবর্তে বাজার থেকে ডলার কিনে জমা দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করতেই বিধিনিষেধ আনা হয়েছে।
রিফাইন্যান্স স্কিমের অর্থ বিতরণে তদারকি বাড়ছে
শিল্প ও ব্যবসা খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন কর্মসূচির অর্থ ছাড়ে ধীরগতির অভিযোগের বিষয়ে গভর্নর বলেন, পুনঃঅর্থায়ন কর্মসূচির অর্থ বিতরণে সমস্যা কোথায়, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নেওয়া একটি কর্মসূচিতে ৩ হাজার কোটি টাকার অর্থ এখনো বিতরণ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন প্রতি সপ্তাহে এসব কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পডকাস্টের মাধ্যমেও উদ্যোক্তাদের এসব সুবিধার বিষয়ে জানানো হচ্ছে। কোনো আবেদন বা অর্থ ছাড়ের প্রক্রিয়া আটকে থাকলে বাংলাদেশ ব্যাংককে জানানোর আহ্বান জানান তিনি।
গভর্নর বলেন, সম্প্রতি ওষুধশিল্প মালিকদের সঙ্গে বৈঠকে তাদের দুটি সমস্যা তিন থেকে চার মাস ধরে আটকে থাকার বিষয়টি উঠে আসে। বিষয়টি উত্থাপনের এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সেবার মান বাড়াতে এখন পরিচালক পর্যায়েও নিয়মিত পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকও এর বাইরে নয়। কেউ সমস্যা তুলে ধরলে তা পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
বিনিয়োগ ও জ্বালানি খাতে নতুন উদ্যোগ
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা সহজীকরণ এবং বৈদেশিক লেনদেনের জটিলতা কমানোর উদ্যোগের কথা জানান গভর্নর। তিনি বলেন, দেশে মোবাইল ফোন উৎপাদন খাতে ইতিমধ্যে প্রায় ১৭টি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন তৈরি হচ্ছে। এ ধরনের উৎপাদনমুখী শিল্পের বিকাশে সরকার কাজ করছে।
বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের সংকট নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে জ্বালানির উৎস বহুমুখী করা এবং বিকল্প জ্বালানির দিকে যাওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
গভর্নর বলেন, দেশের অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। শুধু বড় প্রতিষ্ঠানে ঋণ কেন্দ্রীভূত না রেখে কৃষি, এসএমই ও খুচরা খাতে অর্থায়ন বাড়াতে পারলে অর্থনীতির ভিত্তি আরও বিস্তৃত হবে।