জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে কাফনে তরুণদের প্রতিবাদ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে কাফনের কাপড় পরে রাজপথে এই অভিনব প্রতিবাদ জানায় ভুক্তভোগীরা। ক্লাইমেট এ্যাকশন ফোরাম আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ুকর্মী, তরুণ-তরুণী ও শতাধিক ভুক্তভোগী অংশ নেয়।

এ সময় বিক্ষুব্ধরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়।

সমাবেশে সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন  বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত এবং শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন।’

উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাত্যহিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে বক্তারা বলেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

প্রতিবাদে ছোটরাও অংশ নিয়েছে। ছবি: প্রতিনিধি

জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে স্মরণ করেন আজকের দিনটিকে। আজকের এই ১৫ নভেম্বর ‘সিডর দিবস’। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডার দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল (বেসরকারি মতে যা আরও অনেক বেশি) এবং লক্ষাধিক মানুষকে আহত ও সর্বস্বান্ত করেছিল।

তীব্র ক্ষোভ প্রকাশ করে সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু বিপর্যয় রুখে দিয়ে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে ও  ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার,  মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মন্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন, আফজাল হোসেন প্রমুখ।