সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্থল, জল ও জঙ্গল-কোনো এলাকাকেই তারা হালকাভাবে দেখছে না। দিন-রাত সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন আরবিজিবির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান।
রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানায় বিজিবি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা অন্য কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনীটি। অবৈধ তৎপরতা প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।