সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন জেলে ও বাওয়ালিরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কয়েক শ নৌকা নিয়ে নদীতে ভাসমান অবস্থায় এ কর্মসূচি পালন করেন জেলে ও বাওয়ালিরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের একটাই দাবি—সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে হবে। বনে মাছ ও বনজ সম্পদ আহরণে যাওয়া জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সুন্দরবনে বনদস্যু নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। গত ২৬ অক্টোবর বনদস্যু নির্মূলের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এর অংশ হিসেবে ২৯ অক্টোবর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরায় প্রথম মানববন্ধন এবং ৩০ অক্টোবর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়। ৩১ অক্টোবর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ১ নভেম্বর শ্যামনগরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। ২ নভেম্বর সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
সোমবারের মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরবনে বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন, মুখ্য সমন্বয়ক মাস্টার আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলাইমান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের সভাপতি ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় দস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনকে বনদস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে নতুন নতুন বাহিনীর নামে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি শুরু হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে জেলে ও বাওয়ালিদের বনে যেতে হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।
বনদস্যু নির্মূলে বন বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ২৪ ঘণ্টা যৌথ টহল জোরদার করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং স্থলভাগে থাকা তাদের সহযোগী, গডফাদার ও দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।