রাশিদুল হাসানের ‘কিছুতেই আসে না রে ঘুম’

নির্ঘুম রাত কাটছে কণ্ঠশিল্পী রাশিদুল হাসানের। তবে তার ঘুম না আসার খবরে ভক্ত-শ্রোতাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ, নতুন গানের জন্যই তার এই নির্ঘুম সময়। গানের শিরোনাম ‘কিছুতেই আসে না রে ঘুম’।

রাশিদুল হাসানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জি এম রহমান রনি। গানটির সঙ্গে থাকছে একটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন হৃদয় আহমেদ বাবু, নাদিয়া, অচিন্ত্য সরকার ও রানি সরকার। মিউজিক্যাল ড্রামাটি পরিচালনাও করেছেন রাশিদুল হাসান নিজেই।

আগামী ১৯ নভেম্বর শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ‘হাসান মিউজিক’ থেকে গানটি প্রকাশিত হবে। নতুন গান প্রসঙ্গে রাশিদুল হাসান বলেন, ‘গানটির শিরোনাম শুনলে অনেকেরই মনে হবে, এটা তাদের গান, যাদের ঘুম আসে না। কিন্তু বিষয়টি তেমন নয়। গানটি সবার জন্য। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

রাশিদুল হাসান নিয়মিত নিজের ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ করছেন। ইতোমধ্যে তার প্রকাশিত গানের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। সর্বশেষ তার চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘লিখব না আর’ শিরোনামের গান।

এর আগে তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘জীবনে চাইলা যারে’, ‘আল্লাদী’, ‘যাবজ্জীবন দুঃখ’, ‘কলিজাতে টান লাগে’, ‘তোমার প্রেম আগুনে’, ‘লাভ মানে ভালোবাসা’, ‘থাকলে দূরে মনটা পোড়ে’, ‘অচিনপুর’, ‘বুঝলি না রে মন’, ‘ভালোবাসার মানে’, ‘এক জীবনে’, ‘আকাশে মেঘ জমেছে’ ও ‘হৃদয়ের ক্যানভাস’-এর মতো গান। গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।