বগুড়ায় অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

 শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে সান্তাহার পৌর শহরের হেমুতখালী-খয়রাবাদ এলাকার মাঝখানে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোলাইমান আলী সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌর শহরের রিকশাস্ট্যান্ড থেকে তার অটোরিকশা ভাড়া করেন। পরে তারা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে হেমুতখালী পার হয়ে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছলে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় সে মারা যায়।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, খবর পেয়ে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, আমাদের এলাকার শেষ সীমানায় হলেও ঘটনাস্থল নওগাঁয়। একারণে নওগাঁ সদর থানার পুলিশ লাশটি নিয়ে যায় এবং তারাই ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।