বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে ।
জানা গেছে, ডাকতরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা এবং গৃহকর্তা মোয়াজ্জেম হোসেন মন্ডলের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুটের কথা জানা গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।