বগুড়ায় তিন দিনের কবি সম্মেলন, সম্মাননা পাচ্ছেন ৮ গুণীজন

এবারের কবি সম্মেলন আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর টানা তিনদিন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী কবি সম্মেলনে সাংবাদিকসহ ৮ গুণীজনকে বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান করা হবে। সেই সাথে এবারের কবি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিবেন ৩ শতাধিক কবি, লেখক, প্রাবন্ধিক, লিটল ম্যাগাজিন সম্পাদক ও সাহিত্যিকরা ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের কবি সম্মেলন আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর টানা তিনদিন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের পুরস্কার পাওয়া ৮ গুণীজন হলেন, কবিতায় সম্মাননা পাচ্ছেন এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক  রহমান রাজু (‘আনর্ত’ পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো. বায়েজিদ শেখ।

বগুড়া প্রেসক্লাবে কবি সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক’জন শিল্পী গোষ্ঠির সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, সংগঠনের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল।

উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ ও কবি শাকিবুল শাকিল, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রাণী মোহন্ত, বখতিয়ার হোসাইন, মোমিন শাওন সহ সংগঠনের অন্যান্য কবিবৃন্দ। সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দল অন্যরকম এর অলক পাল।

বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি ইসলাম রফিক বলেন, বগুড়া লেখক চক্র বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাহিত্য সংগঠন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৩৮ বছর ধরে কাজ করে যাচ্ছে বগুড়া লেখক চক্র। প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আগামী ২৭-২৯ নভেম্বর তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক কবি সাহিত্যিক, লিটল ম্যাগাজিন কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সাল থেকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রথার প্রবর্তন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত